অনলাইন জুয়ার ৩৩১ ওয়েবসাইট বন্ধ করেছে বিটিআরসি
অনলাইন জুয়ার ৩৩১টি ওয়েবসাইট, ১৭টি ফেসবুক পেজ ও ১৪টি অ্যাপস বন্ধ করা হয়েছে। বিটিআরসি'র ডিজিটাল নিরাপত্তা সেল এসব সাইট বন্ধ করেছে। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ও জাকিয়া তাবাসসুম অংশ নেন।
এর আগে গত ২৪ জুলাই সংসদীয় কমিটি অনলাইন জুয়ার সাইটগুলো বন্ধের সুপারিশ করেছিল। সেদিন বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে জুয়া খেলা বন্ধ করতে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর সাথে আলোচনার মাধ্যমে বৈঠকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
আজকে বৈঠকে স্থায়ী কমিটির সুপারিশের প্রেক্ষিতে বিটিআরসির ডিজিটাল নিরাপত্তা সেল অনলাইন জুয়া (বেটিং এবং ক্যাসিনো জুয়াসহ) এবং জুয়া সংক্রান্ত ৩৩১টি ওয়েবসাইট, ১৭টি ফেসবুক পেজ এবং ১৪টি অ্যাপস ইতোমধ্যে বন্ধ করেছে বলে উল্লেখ করা হয়। এছাড়া জুয়া সংক্রান্ত অন্যান্য সাইট, অ্যাপস ও পেজ বন্ধের কার্যক্রম চলমান রয়েছে বলে বৈঠকে জানানো হয়।
বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব, যুব ও ক্রীড়া অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন সংস্থা প্রধানসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।